আমেরিকার নিউ ইয়র্কে আয়োজিত Sotheby’s নিলামে রেকর্ড দামে বিক্রি হল বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গখের একটি অনন্য শিল্পকর্ম। ‘শাতেনিয়ে অঁ ফ্লোর’ বা ‘চেস্টনাট ট্রি ইন ব্লসম’ নামের এই ছবিটি ১৯০.৪ মিলিয়ন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৭৭৬ কোটি টাকায় বিক্রি হয়েছে। ভ্যান গখের আঁকা কোনো ছবি এর আগে এত চড়া দামে বিক্রি হয়নি। এর আগে ২০২২ সালে নিউ ইয়র্কের Christie’s নিলামে তাঁর ১৮৮৮ সালে আঁকা ‘অর্চার্ড উইথ সাইপ্রেসেস’ ছবিটি ১১৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল, যা ছিল এতদিন পর্যন্ত এই শিল্পীর আঁকা সবচেয়ে দামি চিত্রকর্ম। ক্যানভাসে ফুটে ওঠা এই ছবিটি ভ্যান গখের জীবনের শেষ দুই মাসের অত্যন্ত সংবেদনশীল ও সৃজনশীল সময়কালের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
চিত্রকর্মটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পরিবারের মধ্যে বিরোধ চলছিল। অর্ধশতকেরও বেশি সময় ধরে এটি ব্লাকিয়ের-অরিয়েতা পরিবারের দখলে ছিল। তার আগে ১৯০৯ সালে প্যারিসে বিখ্যাত জার্মান ইহুদি প্রকাশক স্যামুয়েল ফিশার ছবিটি সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে ১৯৩৬ সালে নাৎসি শাসনের সময়ে ফিশার পরিবার বাধ্য হয়ে ছবিটি বিক্রি করে দেয়। দীর্ঘদিন ধরে ফিশার পরিবারের দাবি ছিল, নাৎসিদের অত্যাচারের মুখে পড়ে চরম সংকটে বাধ্য হয়ে তারা ছবিটি বিক্রি করতে হয়েছিল। অন্যদিকে ব্লাকিয়ের-অরিয়েতা পরিবারও ছবির স্বত্ব দাবি করে আসছিল। সম্প্রতি উভয় পরিবারের মধ্যে সেই বিরোধের অবসান ঘটে। Sotheby’s জানিয়েছে, নাৎসি নিধনযজ্ঞে ফিশার পরিবারের দুর্দশার কথা অনুধাবন করে ব্লাকিয়ের-অরিয়েতা পরিবার এবং দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক সমঝোতা বাস্তবায়িত হয়, যার পর ছবিটি নিলামে তোলা সম্ভব হয়।
ছবিটি আঁকার সময়ে ভ্যান গখ এক অত্যন্ত কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। মানসিক স্বাস্থ্যের চিকিৎসার উদ্দেশ্যে তিনি সাঁ-রেমি-দা-প্রোভঁস থেকে প্যারিসের উপকণ্ঠে ওভের-সুর-ওয়জে চলে আসেন, যাতে ভাই থিও-র সান্নিধ্যে থাকতে পারেন। একদিকে নিজের মারাত্মক অসুস্থতা এবং অন্যদিকে ভাই থিও-র আর্থিক সংকট, এই দুই প্রতিকূলতার মধ্যেও গ্রামীণ জীবনের স্নিগ্ধ সৌন্দর্য শিল্পীমনকে ব্যাকুল করে তুলেছিল। জীবনের শেষ প্রহরে দাঁড়িয়ে সমস্ত কষ্ট ভুলে সেই গ্রাম্য রূপকে তিনি ফুটিয়ে তুলেছিলেন রঙ ও তুলির ছোঁয়ায়। মালিকানা বিবাদের মিমাংসা হতেই ঐতিহাসিক এই চিত্রকর্মটি নিলামের সমস্ত পুরোনো রেকর্ড ভেঙে নতুন নজির গড়ে তুলল।
#VincentVanGogh #ArtAuction #Sothebys #VanGoghPainting #RecordAuction