মাত্র ২১ বছর বয়সে নিজের আলাদা দেশ তৈরি করে এবং নিজেকে তার প্রেসিডেন্ট ঘোষণা করে নজর কেড়েছেন ব্রিটেনের বাসিন্দা ড্যানিয়েল জ্যাকসন। তাঁর তৈরি এই ভূখণ্ডের নাম ‘ফ্রি রিপাবলিক অব ভারডিস’। এবার নিউ ইয়র্কে মানবিক কাজকর্মের জন্য রাষ্ট্রপুঞ্জে পুরস্কৃত করা হয়েছে তাঁকে। ‘ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ’ ড্যানিয়েলের হাতে এই সম্মান তুলে দেয়। মূলত আইভরি কোস্টে ভারডিসের মাধ্যমে মানবিক সহায়তা প্রদানের জন্য তাঁকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। ড্যানিয়েল জানান, ১৪ বছর বয়সে প্রথম তাঁর মাথায় পৃথক দেশের চিন্তা আসে এবং পরবর্তীতে বন্ধুদের সঙ্গে নিয়ে ২০১৯ সালের ৩০ মে মাত্র ১৭ বছর বয়সে তিনি এই ছোট্ট ভূখণ্ডটিকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেন।
ভারডিসের ভৌগোলিক অবস্থান দানিয়ুব নদী বরাবর ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যবর্তী অঞ্চলে। দীর্ঘ দিন ধরে সীমান্ত সংঘাত চললেও বলকান পর্বতমালা সংলগ্ন এই ১২৫ একরের ভূখণ্ডটির ওপর কোনো দেশই অধিকার দাবি করেনি। ড্যানিয়েলের দাবি, আন্তর্জাতিকভাবে আনুষ্ঠানিক স্বীকৃতি মিললে এটি হবে ভ্যাটিকান সিটির পর বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। বর্তমানে রাষ্ট্র পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, নিজস্ব আইন, পতাকা, প্রতীক ও পাসপোর্ট তৈরি করা হয়েছে। এমনকি ডোভার ও সার্বিয়ার নোভি সাডে দুটি দূতাবাসও খোলা হয়েছে। ড্যানিয়েল জানান, তাঁদের তৈরি দেশের নিজস্ব মুদ্রা হলো ইউরো এবং দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজি, ক্রোয়েশীয় ও সার্বীয় ভাষাকে চিহ্নিত করা হয়েছে।
খাতায়-কলমে এখনো স্বীকৃতি না মেলায় আপাতত নির্বাসনে থেকেই সরকার পরিচালনা করতে হচ্ছে ড্যানিয়েল ও তাঁর সহযোগীদের। ক্রোয়েশিয়া ও সার্বিয়ার সীমান্ত জটিলতার কারণে সেই ভূখণ্ডে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। তবে সার্বিয়ার সঙ্গে আলোচনা কিছুটা এগিয়েছে এবং সেখানে তিনি নাগরিকত্বও পেয়েছেন। ড্যানিয়েল জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁদের দেশের অনুরাগী সংখ্যা ক্রমশ বাড়ছে এবং প্রতি মাসে শতাধিক মানুষ নাগরিকত্বের আবেদন জানিয়ে ইমেল পাঠাচ্ছেন। বর্তমানে ভারডিসের অনুমোদিত নাগরিক সংখ্যা প্রায় ৪০০ জন। তবে ভূখণ্ডের সীমিত আয়তনের কথা মাথায় রেখে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হচ্ছে তাঁদের।
#DanielJackson #Verdis #FreeRepublicOfVerdis #UNAward #WorldNews