দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থাফট অটো’-র ষষ্ঠ সংস্করণ ‘জিটিএ সিক্স’ (GTA VI)। ডেভিড জোন্স এবং মাইক ডেইলির তৈরি এই জনপ্রিয় রকস্টার গেম সিরিজের নতুন সংস্করণটি বাজারে আসতেই এক বেনজির ইতিহাস সৃষ্টি করেছে। মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গেমটি আয় করেছে ৩৫ হাজার ১১৪ কোটি টাকা, যা মার্কিন ডলারে প্রায় ৩.৭৯ বিলিয়ন ডলার। বিনোদন জগতের ইতিহাসে একদিনে এত বিপুল পরিমাণ ব্যবসার রেকর্ড আগে কখনও দেখা যায়নি। এমনকি হলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সামগ্রিক আয়কেও একদিনে পেছনে ফেলে দিয়েছে এই ভিডিও গেমটি। গত জুন মাস থেকে গেমটির প্রি-অর্ডার শুরু হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে মুক্তির আগেই ৩ কোটি ২৫ লক্ষ কপি বিক্রি হয়ে যায়। ফলে মুক্তির আগেই গেমটি ২১ হাজার ৮৬৫ কোটি টাকা (২.৩৬ বিলিয়ন ডলার) ব্যবসা করে ফেলেছিল।
এর আগে ২০১৩ সালে বাজারে এসেছিল এই সিরিজের আগের সংস্করণ ‘জিটিএ ফাইভ’। ফলে ‘জিটিএ সিক্স’ হাতে পাওয়ার জন্য গেমপ্রেমীদের দীর্ঘ ১৩ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে। গত ১৯ নভেম্বর অবশেষে আনুষ্ঠানিকভাবে গেমটি মুক্তি পায় এবং এই মুহূর্তে এটি প্লেস্টেশন ৫ ও এক্সবক্স অটো-তে পাওয়া যাচ্ছে। মূলত প্রাপ্তবয়স্কদের উপযোগী করে তৈরি এই ভিডিও গেমটিতে বাস্তবের আদলে নির্মিত একটি কাল্পনিক শহরে খেলোয়াড়রা নিজেদের মতো করে অবাধে বিভিন্ন অভিযান চালাতে পারেন। তবে আয়ের ক্ষেত্রে ঐতিহাসিক রেকর্ড গড়ার পাশাপাশি গেমটির নানা বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি ও বিনোদন দুনিয়ায় বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।
গেমটিতে দেখানো চরম হিংস্রতা, নগ্নতা এবং রক্তপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক প্রাপ্তবয়স্ক গেমারও। ইউরোপিয়ান রেটিং বোর্ড এবং আমেরিকান রেটিং বোর্ড জানিয়েছে, ‘জিটিএ সিক্স’-এ অতিরিক্ত রক্তপাত ও সহিংসতার দৃশ্য রয়েছে, যার মধ্যে পুলিশের ওপর নৃশংস হামলা এবং অঙ্গচ্ছেদের বিষয় অন্তর্ভুক্ত। এছাড়া স্ট্রিপ ক্লাব ও নাইটক্লাবের দৃশ্যে নারী-পুরুষকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখানো এবং সঙ্গমের দৃশ্য থাকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে বাণিজ্যিক সাফল্য এবং অন্যদিকে তীব্র বিতর্ক— দুই মিলিয়েই এখন আলোচনার কেন্দ্রে রয়েছে এই গেমটি।
#GTAVI #GTA6 #RockstarGames #GamingNews #VideoGames