Headlines

স্ট্যালিনকে পরাজিত করা টিভিকে বিধায়ক ভিএস বাবুর প্রয়াণ

তামিলনাড়ুর কোলাথুর কেন্দ্রের টিভিকে (TVK) বিধায়ক ভিএস বাবু দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন। চেন্নাইয়ের এমজিএম হেল্থকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ নভেম্বর দুপুর ২টো ২৪ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভোগার পর ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইনটেনসিভ কেয়ারে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তীতে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিধায়কের এই অকাল প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

কোলাথুর বিধানসভা নির্বাচনে ডিএমকে সভাপতি তথা সাবেক মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে পরাজিত করে সংবাদের শিরোনামে এসেছিলেন ভিএস বাবু। ওই আসনে তাঁর জয় ছিল নির্বাচনের অন্যতম বড় অঘটন, যা স্ট্যালিনের দীর্ঘ জয়ের ধারায় ইতি টেনেছিল। নির্বাচন ফল অনুযায়ী, বাবু ৮,৭৯৫ ভোটের ব্যবধানে স্ট্যালিনকে পরাজিত করেন। নির্বাচনে তিনি মোট ৮২,৯৯৭টি ভোট পান এবং প্রতিদ্বন্দ্বী স্ট্যালিন পেয়েছিলেন ৭৪,২০২টি ভোট। দুই দশকেরও বেশি দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী ভিএস বাবু তাঁর যাত্রা শুরু করেছিলেন ডিএমকে-র মাধ্যমেই। সেখানে উত্তর চেন্নাই জেলা সম্পাদক পদে কাজ করার পর ২০০৬ সালে পুরাসাওয়ালকাম কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন এবং এআইএডিএমকে প্রতিদ্বন্দ্বীকে ৯০,০০০-এর বেশি ভোটের ব্যবধানে হারান।

পরবর্তীতে ডিএমকে-র অভ্যন্তরীণ মতপার্থক্য তৈরি হওয়ায় বাবু দল থেকে সরে আসেন এবং এডাপ্পাদি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন এআইএডিএমকে-তে যোগ দেন। এরপর ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি তিনি অভিনেতা বিজয়ের দল 'টিভিকে'-তে যোগ দিয়েছিলেন এবং বিধানসভা নির্বাচনে কোলাথুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করেন। অধিকাংশ এক্সিট পোল ডিএমকে-র পক্ষে থাকলেও এই আসনে বাবুর জয়কে রাজনৈতিক বিশ্লেষকরা 'বিজয়-এফেক্ট' হিসেবে চিহ্নিত করেছিলেন। প্রবীণ এই নেতার অকাল প্রয়াণে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

#VSBabu #TamilNadu #MKStalin #TVK #Chennai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *