Headlines

রাশিয়া থেকে তেল কেনায় ভারতে শুল্কের হুমকি, নিজেই ইউরেনিয়াম কিনছে আমেরিকা

রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও গ্যাস কেনার কারণে ভারত এবং চীনের ওপর কড়া অর্থনৈতিক পদক্ষেপ ও শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। সম্প্রতি মার্কিন সংসদে পাশ হয়েছে নতুন শুল্ক নিষেধাজ্ঞা সংক্রান্ত সংশোধনী বিল। এই বিলে দেওয়া ক্ষমতা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও চীনের মতো রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলির ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে পারবেন। মার্কিন সেনেটের পর হাউস অব রিপ্রেজেন্টেটিভেও 'স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬' বা রাশিয়া স্যাংশনস বিল অনুমোদিত হয়েছে। এই বিলের পক্ষে ২৬২টি ভোট এবং বিপক্ষে ১৫৯টি ভোট পড়েছে। বিলটি ইতিমধ্যেই চূড়ান্ত সম্মতির জন্য মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে।

ভারত ও চীনের মতো দেশগুলির বিরুদ্ধে রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বন্দোবস্ত করা হলেও, নিজের ক্ষেত্রে রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানির বিষয়ে ছাড় দিয়েছে আমেরিকা। এই সংশোধনী বিলে বলা হয়েছে, অসামরিক পারমাণবিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে রাশিয়ার থেকে ইউরেনিয়াম ক্রয়ে শিথিলতা থাকবে। বিলে মার্কিন প্রেসিডেন্টকে 'রসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন' ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলির ওপর বিধিনিষেধ বজায় রাখতে বলা হলেও, আমেরিকা-রাশিয়ার অসামরিক চুক্তির অধীনে কিছু স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম কেনার ক্ষেত্রে কোনো বাধা রাখা হয়নি। আমেরিকার এই ধরণের দ্বিচারিতা নিয়ে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে।

মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় কোম্পানিগুলি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি এই বিল অনুযায়ী ভারতীয় রফতানি পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত কার্যকর করেন, তবে তার সরাসরি এবং ক্ষতিকর প্রভাব পড়বে আমেরিকার বাজারে রফতানি করা ভারতীয় সামগ্রীর ওপর। একদিকে ভারত রাশিয়া থেকে তেল কিনলে কঠোর শুল্কের হুমকি দেওয়া হচ্ছে, অন্যদিকে আমেরিকা নিজের শক্তির প্রয়োজনে রাশিয়ার কাছ থেকেই ইউরেনিয়াম কেনার পথ খোলা রাখছে।

#USRussiaTreaty #USSanctions #IndiaExports #DonaldTrump #UraniumImports

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *