গুজরাতের দাহোড় জেলার ধনপুর তালুকের একটি খামার থেকে উদ্ধার করা হয়েছে একটি বিরল প্রজাতির দুই মাথা ও চার চোখ বিশিষ্ট সাপ। প্রায় ছয় ইঞ্চি দৈর্ঘ্যের এই সাপটিকে একটি খামারে ঘুরে বেড়াতে দেখে স্থানীয় মানুষজন উদ্ধারকাজের ব্যবস্থা করেন। খবর পেয়ে 'দাহোড় প্রকৃতি মিত্র মণ্ডল' নামের একটি বন্যপ্রাণী উদ্ধারকারী অলাভজনক সংস্থা ঘটনাস্থলে পৌঁছায় এবং সাপটিকে নিরাপদে উদ্ধার করে আনে। বিরল এই সাপের উপস্থিতি দেখতে স্থানীয় মানুষজনের ভিড় জমে যায় এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বন্যপ্রাণ বিশেষজ্ঞরা পরীক্ষা করে জানিয়েছেন যে এটি একটি অবিষাক্ত 'উলফ স্নেক' এবং মানুষের জন্য একদমই বিপজ্জনক নয়। প্রাণীবিজ্ঞানের ভাষায় এই বিশেষ শারীরিক অবস্থাকে 'বাইসেফালি' বলা হয়ে থাকে। ভ্রূণের বিকাশ চলাকালীন দুটি ভ্রূণ সম্পূর্ণ আলাদা না হতে পারলে এমন অস্বাভাবিকতার সৃষ্টি হয়। এর ফলে একটি শরীরের উপর দুটি পৃথক মাথা তৈরি হয়। উদ্ধার হওয়া সাপটির দুটি মাথার মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র আলাদা এবং প্রতিটি মাথায় একজোড়া করে মোট চার চোখ রয়েছে, যা স্বতন্ত্রভাবে কাজ করে।
বিশেষজ্ঞদের মতে, গুজরাতে এই প্রথম দুই মাথাবিশিষ্ট কোনও সাপের দেখা মিলল এবং সমগ্র ভারতেও এই ধরনের নজির অত্যন্ত কম। প্রাকৃতির পরিবেশে দুটি মাথার ভিন্ন প্রতিক্রিয়া ও নড়াচড়ার কারণে খাবার সংগ্রহ বা আত্মরক্ষা করা এই সাপের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। ফলে জঙ্গল বা খোলা প্রকৃতিতে এদের বেঁচে থাকার সম্ভাবনা কম থাকে। দাহোড়ে উদ্ধার হওয়া প্রায় এক বছর বয়সী এই সাপটির বিরল শারীরিক বৈশিষ্ট্য নিয়ে আপাতত বন্যপ্রাণ বিশেষজ্ঞরা আগ্রহ প্রকাশ করেছেন।
#Gujarat #Dahod #TwoHeadedSnake #RareSnake #WildlifeNews