বর্ষার মরসুম শুরু হতেই রাজ্যজুড়ে তীব্র আকার ধারণ করেছে ডেঙ্গি সংক্রমণ। স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই সাড়ে চার হাজার ছাড়িয়ে গিয়েছে। যা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকমহল এবং স্বাস্থ্য আধিকারিকরা। রাজ্যজুড়ে মশাবাহিত এই রোগের প্রকোপ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের গোড়া থেকেই ডেঙ্গির সংক্রমণ ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। গত এপ্রিল মাসের শেষ পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল সাতশো সত্তর। এরপর জুলাই মাসের শেষের দিকে সেই সংখ্যা বেড়ে প্রায় দুই হাজারের কাছাকাছি পৌঁছায়। অগাস্ট মাস শেষ হওয়ার আগেই তা প্রায় চার হাজারে গিয়ে দাঁড়ায় এবং সেপ্টেম্বর মাসের শুরুতেই তা সাড়ে চার হাজারের গণ্ডি পেরিয়ে যায়। যেভাবে গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে, তা যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংক্রমণের এই তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এর মধ্যে জেলার নিরিখে সর্বাধিক সংক্রমণ ধরা পড়েছে মুর্শিদাবাদে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই জেলাতেই আক্রান্তের সংখ্যা আটশো সত্তর ছাড়িয়ে গেছে। এমনকি বিগত কয়েকদিনের ব্যবধানে সেখানে নতুন করে বহু মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে স্প্রে করা এবং সচেতনতামূলক প্রচারের কাজ জোরকদমে চালানো হচ্ছে।
মুর্শিদাবাদের পাশাপাশি এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খোদ কলকাতা শহর। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চারশোর বেশি। বিগত এক সপ্তাহের ব্যবধানেও নতুন করে বহু মানুষ সংক্রমিত হয়েছেন কলকাতায়। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলাতেও সংক্রমণের হার বেশ চড়া। পাশাপাশি মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হুগলি, হাওড়া এবং দুই বর্ধমান জে জেলাগুলিতেও ডেঙ্গির বিস্তার লক্ষ্য করা গেছে। পূর্ব বর্ধমানের নির্দিষ্ট কিছু ব্লকে বিগত কয়েক মাসে রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ করা হচ্ছে। স্কুল স্তরেও যাতে শিশুরা সুরক্ষিত থাকে, তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের উচ্চপর্যায়ের নির্দেশ অনুযায়ী, ডেঙ্গি প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রে নজরদারি বাড়ানো হয়েছে। জমা জল পরিষ্কার করা এবং মশার লার্ভা ধ্বংস করার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বর্ষার এই সময়ে সচেতনতাই ডেঙ্গি প্রতিরোধের একমাত্র উপায়। বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া এবং মশার কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য মশারি ব্যবহার করা বা ফুল হাতা জামাকাপড় পরা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ সচেতন না হলে এই রোগের বিস্তার রোধ করা কঠিন হয়ে দাঁড়াতে পারে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও রাজ্যবাসীকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।