কলকাতা: রাজনৈতিক পালাবদলের পর থেকেই উত্তপ্ত রাজ্যের ক্রিকেট সংস্থা সিএবি (Bengal Cricket Association)-র অন্দরমহল। সম্প্রতি সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা গ্রেফতার হওয়ার পর মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব সঞ্জিৎ তোরই অভিযোগ করেন যে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে সরিয়ে সুজয় হাজরা সিএবি-র বার্ষিক সাধারণ সভায় (AGM) এসেছিলেন। সঞ্জিৎ তোরইয়ের অভিযোগ ছিল, তিনি প্রতিনিধি মারফত মনোনয়নপত্র পাঠিয়েছিলেন, কিন্তু সিএবি-র হেড ক্লার্ক বিশ্বপতি সেন সেটি নিতে অস্বীকার করেন এবং তাঁর প্রতিনিধিকে ফিরিয়ে দেন। পরে সুজয় হাজরা এজিএমে যোগ দেন।
এই অভিযোগ উড়িয়ে দিয়ে সিএবি বিবৃতি দিয়েছিল যে, সঞ্জিৎ তোরই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংস্থাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। তবে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, ইলেক্টোরাল অফিসার সুশান্ত রঞ্জন উপাধ্যায় ছাড়া আর কারও মনোনয়নপত্র স্ক্রুটিনি করার এক্তিয়ার নেই। এই পরিস্থিতিতে সিএবি-র হেড ক্লার্ক কীভাবে নথি যাচাই করেছিলেন, সেই প্রশ্ন জোরালোভাবে ওঠে।
এই বিতর্কের মাঝে মুখ খুলেছেন সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘অ্যাপেনডিক্স এ (প্রতিনিধিত্ব ও মনোনয়নের ফর্ম) জমা দেওয়ার সময় কী কী নথি লাগবে, তা নিয়ে ইলেক্টোরাল অফিসারের স্পষ্ট নির্দেশিকা রয়েছে। সেই নথি না থাকায় হেড ক্লার্ক বিশ্বপতি মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি সঞ্জিৎ তোরইকে জানিয়েছিলেন। অঙ্গীকারপত্র ছিল না যেখানে তাঁকে প্রতিনিধি হিসাবে এজিএমে পাঠানোর কথা লেখা থাকবে। তবে পরে যে অ্যাপেনডিক্স এ জমা পড়ে, সেখানে সুজয় হাজরার নাম ছিল এবং সঞ্জিৎ তোরই নিজে সই করেছিলেন।’
নিয়ম অনুযায়ী ইলেক্টোরাল অফিসার ছাড়া অন্য কারও নথি যাচাই করার এক্তিয়ার না থাকলেও, স্নেহাশিস ব্যাখ্যা করেন, ‘মানছি নিয়ম সেটাই। কিন্তু সদস্যদের স্বার্থের কথা ভেবেই বিশ্বপতি সাহায্য করতে চেয়েছিলেন। ওই অ্যাপেনডিক্স এ জমা পড়ে গেলে পরে ইলেক্টোরাল অফিসার তা বাতিল করে দিতে পারতেন। সেক্ষেত্রে মেদিনীপুরের কোনও প্রতিনিধিই থাকত না এজিএমে। আমরা চেয়েছিলাম সব সংস্থার প্রতিনিধি থাকুক।’
প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পেশ্যাল জেনারেল মিটিংয়ে আমার নাম পাঠাতে একবার দেরি হয়েছিল। পরে বিশেষ অনুমতি দেওয়া হয়। কিন্তু সেবার নির্বাচন ছিল না। নির্বাচন হলে আমাকে প্রতিনিধিত্ব করতে দেওয়া হতো না। গতবার সঞ্জিৎ তোরই যখন ফর্ম জমা করতে লোক পাঠিয়েছিলেন, তখনও ঠিক ছিল না সিএবি-তে নির্বাচন হবে কি না। নির্বাচন হলে ইলেক্টোরাল অফিসার সেই ফর্ম বাতিল করতে পারতেন।’
তবে, সিএবি-র একাংশ এই বক্তব্যকে নিয়ম বহির্ভূত কাজকে মেনে নেওয়া হিসেবে দেখছে। সিএবি-র গঠনতন্ত্রের ৬২ (২) ধারা অনুযায়ী, নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ ও তদারকি করার দায়িত্ব সম্পূর্ণভাবে ইলেক্টোরাল অফিসারের। তিনি ছাড়া অন্য কেউ নথি যাচাই করতে পারেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
অন্যদিকে, মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থাতেও পত্রযুদ্ধ শুরু হয়েছে। মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার লাইফ মেম্বার তাপস দে জেলাশাসককে চিঠি দিয়ে অভিযোগ করেছেন যে, ২০২২ সালের ২০ নভেম্বর নির্বাচন হওয়ার পর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ২৮ নভেম্বর। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কমিটি আর্থিক লেনদেন করছে এবং কাজ চালাচ্ছে। অবিলম্বে তা বন্ধ করার দাবি জানানো হয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে সঞ্জিৎ তোরই জানান, কমিটির মেয়াদ ২ বছরের নয়, ৩ বছরের জন্য গঠিত হয়েছিল। জেলাশাসকের নির্দেশিকাও তাই। গত বছর নভেম্বর মাসে মেয়াদ শেষ হওয়ার পর দু’দফায় জেলাশাসকের কাছে নির্বাচনের আবেদন করা হলেও, সরকারি কর্মচারীদের ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, জেলাশাসক দ্রুত নির্বাচন সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। সঞ্জিৎ আরও বলেন, সিএবি-র এজিএমের সময় মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটি বৈধভাবেই ক্ষমতায় ছিল এবং জেলাশাসকের নির্দেশ অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।
সঞ্জিৎ তোরই সিএবি-র বিবৃতি প্রসঙ্গে বলেন, ‘আমার অভিযোগই মেনে নেওয়া হয়েছে। অ্যাপেনডিক্স ফর্মের স্ক্রুটিনি যে এক্তিয়ার বহির্ভূত হলেও হেড ক্লার্ক করেছিলেন, সেটাকে তো মান্যতা দিল সিএবি।’