Headlines

দুর্গাপূজার আবহাওয়া আপডেট: ষষ্ঠী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া

Vibrant and intricately designed Durga idols at a Kolkata festival, celebrating Durga Puja. Photo by Debabrata Ghosh on Pexels

শারদীয় দুর্গোৎসবের আনন্দ উপভোগ করতে এখন ব্যস্ত বাঙালি। মহা ষষ্ঠীর বোধনের মাধ্যমে শুরু হয়ে গেছে দেবীপক্ষের প্রধান উৎসব। তবে উৎসবের আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে কি না বৃষ্টি, তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পঞ্চমীর দিনে কলকাতার বিভিন্ন প্রান্তে ঝিরঝিরে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আবহাওয়ার এই মেজাজ কি তবে পুজো জুড়েই বজায় থাকবে, নাকি প্যান্ডেল হপিংয়ের সময় ছাতাসঙ্গী করতেই হবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিস্তারিত জেনে নেওয়া যাক।

নিম্নচাপের কোনো আশঙ্কা নেই

আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের দেওয়া তথ্য অনুযায়ী, এই উৎসবের দিনগুলিতে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ফলে আবহাওয়া পুরোপুরি বিগড়ে যাওয়ার আশঙ্কা আপাতত করা হচ্ছে না। তবে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ষষ্ঠী ও সপ্তমীর আবহাওয়া

ষষ্ঠীর দিনে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু নির্দিষ্ট স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরপর সপ্তমীর দিনেও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ছাড়াও উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতার তাপমাত্রা ও বৃষ্টির গতিপ্রকৃতি

পাসাপাশি ১৫ অক্টোবর কলকাতায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর ১৬ ও ১৭ অক্টোবর আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বিকেলের দিকে মেঘের পরিমাণ কিছুটা বাড়তে পারে। এই দুই দিনেও হালকা বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না।

অষ্টমী থেকে পরবর্তী দিনগুলির পূর্বাভাস

১৮ থেকে ২০ অক্টোবর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়টাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। পরবর্তীতে ২১ এবং ২২ অক্টোবর আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে বিকেলের দিকে কিছুটা মেঘলা হতে পারে। সেই সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা প্রকাশ করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি

রবিবারের পর থেকে আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও রবিবারের মধ্যে কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা বহাল রয়েছে। বছরের এই বিশেষ কটা দিন প্রত্যেকেই চুটিয়ে আনন্দ উপভোগ করতে চান, তাই বৃষ্টির কারণে উৎসবে যেন কোনো রকম বিঘ্ন না ঘটে, সেটাই এখন সকলের কাম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *