অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলির মাধ্যমে বিষাক্ত ধুতরা ফল খাবার হিসেবে বিক্রির অভিযোগে বড় পদক্ষেপ নিল প্রশাসন। জনপ্রিয় ই-কমার্স এবং কুইক কমার্স সংস্থা অ্যামাজন, সুইগি ইনস্টামার্ট এবং বিগবাসকেটের ফুড লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল করেছে কর্নাটকের খাদ্য নিরাপত্তা ও ড্রাগস প্রশাসন বিভাগ। মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এই ফল অনলাইনে বিক্রির বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে শোরগোল শুরু হয়েছে।
করোনা পরবর্তী সময়ে অনলাইনে নিত্যপ্রয়োজনীয় জিনিস ও খাবার অর্ডার করার প্রবণতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। কিন্তু সাম্প্রতিক একটি বিভাগীয় তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কর্ণাটকের সংশ্লিষ্ট দপ্তরের কমিশনার শ্রীনিবাস কে নির্দেশিকা জারি করে জানিয়েছেন, এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে ধুতরা ফল এবং তার বীজ খাবার হিসেবে বিক্রি করা হচ্ছিল। কিছু প্যাকেটে এমনকি ভুলের বা অসাবধানতার বশে খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের লাইসেন্স নম্বরও ব্যবহার করা হয়েছিল।
অবৈধ বিক্রি বন্ধে কঠোর নির্দেশিকা
নির্দেশিকায় সাফ জানানো হয়েছে যে, ২০০৬ সালের খাদ্য নিরাপত্তা ও গুণমান আইন এবং ২০১১ সালের খাদ্য নিরাপত্তা ও গুণমান বিধি অনুযায়ী ধুতরা ফল ও বীজ মজুত করা, বিক্রি করা বা খাদ্যপণ্য হিসেবে বিতরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই প্রেক্ষাপটে অবিলম্বে সংশ্লিষ্ট তিন সংস্থাকে সমস্ত বিজ্ঞাপন ও লিস্টিং সরিয়ে ফেলতে বলা হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত ভেন্ডর বা সরবরাহকারীরা এই বিষাক্ত ফল অনলাইন প্ল্যাটফর্মগুলিতে সরবরাহ করছিলেন, তাদেরও লাইসেন্স সাময়িক ভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন সংস্থার প্রতিক্রিয়া
প্রশাসনের এই কড়া পদক্ষেপের পর অনলাইন মাধ্যমগুলির তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অ্যামাজন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। অন্যদিকে, সুইগি ইনস্টামার্টের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য কিছুটা সময় চাওয়া হয়েছে। বিগবাসকেট জানিয়েছে যে তারা আগেই এই পণ্যের বিক্রি বন্ধ করে দিয়েছিল এবং প্যাকেটের গায়ে লেখা ছিল যে এটি খাওয়ার জন্য নয়। তবে এই যুক্তিতে সন্তুষ্ট নয় কর্নাটক সরকার।
ধুতরা কেন বিপজ্জনক
ধর্মীয় ও বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠানে ধুতরা ব্যবহারের প্রচলন থাকলেও এটি খাওয়া অত্যন্ত বিপজ্জনক। এই গাছের পাতা, ফুল, ফল, শিকড় এবং বীজ সহ প্রতিটি অংশই বিষাক্ত উপাদানে ভরপুর। দেখতে কদম ফুলের মতো কাঁটাযুক্ত এই ফলের ভেতরে কালো রঙের বীজ থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনোভাবেই এই ফল মানুষের খাদ্য হিসেবে গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে শিশু এবং পোষ্যদের সবসময় এর থেকে দূরে রাখা প্রয়োজন।
শরীরে ধুতরার বিষক্রিয়ার প্রভাব
ধুতরার মধ্যে উপস্থিত থাকে অ্যাট্রোপিন এবং স্কোপোলামিনের মতো শক্তিশালী উপাদান, যা সরাসরি মানব শরীরের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। এটি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরগুলিকে নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে হৃদযন্ত্র, চোখ এবং পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এই ফল পেটে গেলে প্রবল বিভ্রান্তি, তীব্র অস্থিরতা, হ্যালুসিনেশন বা বাস্তব নয় এমন কিছু দেখা ও শোনার মতো সমস্যা তৈরি হতে পারে।
অতিরিক্ত মাত্রায় ধুতরা সেবনের ফলে চোখের মণি অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়া, হৃদস্পন্দন দ্রুত হওয়া এবং জ্বর আসার মতো উপসর্গ দেখা দেয়। বিষক্রিয়া যদি গুরুতর আকার ধারণ করে, তবে রোগীর খিঁচুনি শুরু হতে পারে, তিনি জ্ঞান হারাতে পারেন এবং পরিস্থিতি জটিল হলে প্রাণহানির আশঙ্কাও থাকে। অ্যান্টি-কোলিনার্জিক উপাদানের প্রভাবে আক্রান্ত ব্যক্তি প্রলাপ বকতে শুরু করেন এবং বাস্তব ও কল্পনার মধ্যে পার্থক্য করার ক্ষমতা হারিয়ে ফেলেন। প্রশাসনের এই কঠোর পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকেই সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়েছে।