প্রকৃতির নিয়ম যেন মাঝে মাঝে আমাদের সামনে এমন কিছু রহস্য এনে হাজির করে, যা দেখে হতবাক হয়ে যেতে হয়। সম্প্রতি ভারতের একটি রাজ্য থেকে অত্যন্ত অস্বাভাবিক এবং বিরল বৈশিষ্ট্যের একটি সরীসৃপের সন্ধান মিলেছে। এই প্রাণীটির সাধারণ চেহারার বাইরে রয়েছে দুটি মাথা এবং মোট চারটি চোখ। সাপটিকে নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা শুরু হয়েছে এবং এর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে। বন্যপ্রাণীপ্রেমী ও গবেষকরা এই ধরনের প্রাণী আবিষ্কারের পর যথেষ্ট কৌতূহলী হয়ে উঠেছেন।
খামার বাড়ি থেকে উদ্ধার
পশ্চিম ভারতের গুজরাত রাজ্যের দাহোদ জেলার ধনপুর অঞ্চলের একটি কৃষিক্ষেত্র থেকে এই বিশেষ সরীসৃপটিকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, প্রায় ছয় ইঞ্চি লম্বা ওই সরীসৃপটি অত্যন্ত ধীরে ধীরে খামারের জমিতে ঘোরাফেরা করছিল। সেই সময় স্থানীয় মানুষের নজরে পড়ে বিষয়টি। খামারে এমন একটি অদ্ভুত দর্শন প্রাণী ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা বেশ আতঙ্কিত ও অবাক হন। পরে সকলে মিলে অত্যন্ত সতর্কতার সঙ্গে সেটিকে নিরাপদে ধরে রাখার ব্যবস্থা করেন। মুহূর্তের মধ্যে এই খবর এলাকার চারদিকে ছড়িয়ে পড়ে এবং সাপটি দেখতে ভিড় জমান কৌতূহলী মানুষ।
উদ্ধার কাজে বিশেষ সংস্থা
খবর পেয়ে দাহোড় এলাকার বন্যপ্রাণী সুরক্ষার সঙ্গে যুক্ত একটি স্বেচ্ছাসেবী সংগঠন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের মূল কাজই হলো বিপন্ন বা বন্যপ্রাণীদের নিরাপদে উদ্ধার করে উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়া। ওই সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের ভিড় সামলান এবং সম্পূর্ণ নিরাপদ উপায়ে প্রাণীটিকে নিজেদের হেফাজতে নেন। বিশেষজ্ঞদের মতে, এটি একটি নেকড়ে সাপ বা উলফ স্নেক প্রজাতির প্রাণী। অত্যন্ত শান্ত স্বভাবের এই সরীসৃপটির কোনো বিষ নেই, তাই এটি মানুষের পক্ষে একেবারেই বিপজ্জনক নয়। তা সত্ত্বেও এর অস্বাভাবিক শারীরিক গঠনের কারণে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
বিজ্ঞানসম্মত কারণ ও বাইসেফালি
বিজ্ঞান এবং জীববিদ্যার ভাষায় এই বিশেষ শারীরিক অবস্থাকে বাইসেফালি বলা হয়ে থাকে। ভ্রূণের প্রাথমিক বিকাশের সময় কোনো জটিলতার কারণে একটির জায়গায় দুটি মাথা বা অতিরিক্ত অঙ্গের সৃষ্টি হতে পারে। স্তন্যপায়ী প্রাণী, পাখি, মাছ কিংবা সরীসৃপদের মধ্যে এই ধরনের জিনগত বা গঠনগত ত্রুটি কালেভদ্রে দেখা যায়। তবে সবথেকে অবাক করা বিষয় হলো, সাপকুলের মধ্যেই এই ধরনের দুই মাথাযুক্ত অবস্থার ঘটনা সবচেয়ে বেশি নথিভুক্ত হয়েছে। ভ্রূণ সঠিকভাবে বিভক্ত হতে না পারার ফলেই এমন বিরল পরিস্থিতির তৈরি হয়।
বিরল নজির ও টিকে থাকার লড়াই
বিশেষজ্ঞরা জানিয়েছেন, গুজরাতে এই প্রথম কোনো দুই মাথাযুক্ত সাপ পাওয়া গেল। সারা দেশের নিরিখেও এমন ঘটনার সংখ্যা অত্যন্ত কম। এর আগে ভারতে মাত্র কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে এমন দুই মাথাওয়ালা গোখরো এবং নেকড়ে সাপ উদ্ধার করা হয়েছিল। এই ধরনের প্রাণীদের দুটি মাথার ক্ষেত্রে স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ক সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে। ফলে খাবার খাওয়া কিংবা কোনো বিপদের মুখোমুখি হলে দুই মাথা দুকমভাবে প্রতিক্রিয়া জানায়। এর জেরে প্রকৃতিতে তাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দাহোড় থেকে উদ্ধার হওয়া এই বিশেষ প্রাণীটির বয়স আনুমানিক এক বছর বলে অনুমান করা হচ্ছে।